ম্যাজিকের রহস্য ২২,দর্শকের রুমাল ও দুধের কৌতুক
দর্শকের রুমাল ও দুধের কৌতুক
জাদুপ্রদর্শনীতে একঘেয়েমী দূর করতে মাঝে মাঝে হাস্য কৌতুক যোগ করলে খুবই উপভোগ্য হয়। বর্তমান খেলাটি হাস্য কৌতুক বৈশিষ্ট
যুক্ত।
সংঘটন : জাদুকর তার টুপিটি ( অভাবে দু'মুখ খোলা টিনের বা পিসবোর্ডের নক্সা আঁকা চোঙ ) পরীক্ষা করিয়ে দর্শকদের কাছ থেকে একটি রুমাল চেয়ে নিলেন এবং রুমালটি টুপির ভিতর রেখে টুপিটি টেবিলে রাখলেন । তারপর একটি কাচের গ্লাসও টুপির ভিতর রাখলেন। পাশেই টেবিলে একটি দুধ ভর্তি জাগ । জাদুকর জাগটিকে টেবিল থেকে নিয়ে মঞ্চের সামনের দিকে এলেন এবং দর্শকদের বল্লেন- " টুপিটি তিনি মাঝে মাঝে ফ্রিজ হিসেবেও ব্যবহার করেন। কেননা তিনি গরম দুধ পছন্দ করেন না। একদিন তার স্ত্রী তাকে গরম দুধ খেতে দিয়ে কিভাবে ডাক্তারের কাছে পাঠিয়ে ছিলেন সেই গল্প করেন । এই অবসরে সহকারী কৌতুক করে একটি আঙ্গুল ঠোঁটে লাগিয়ে দর্শকদের ইঙ্গিতে চুপ থাকতে বল্লেন এবং টুপি থেকে গ্লাসটি জাদুকরের অজান্তে তুলে নিয়ে পিছনে লুকিয়ে রাখলেন ।
গল্প বলার ফাঁকে জাদুকর জাগের দুধ সরাসরি টুপিতেই ঢালতে লাগলেন । তা' দেখে দর্শকেরা হাসছেন বুঝতে পেরে সন্দেহ হওয়াতে- হঠাৎ টুপির ভিতর রাখা দর্শকের রুমালটির দুর্দশায় খুবই বিচলিত হলেন । তখন সহকারী ভয়ে ভয়ে গ্লাসটি জাদুকরকে ফেরৎ দিলেন । জাদুকর এবার গ্লাসটি টুপির ভিতর রেখে তার জাদুদন্ড স্পর্শ করালেন এবং দর্শকদেরকে বল্লেন-" চিন্তার কোন কারন নেই। ” এই বলে দুধভর্তি গ্লাসটি টুপি থেকে তুলে দর্শকের রুমালটি শুকনো এবং অক্ষত অবস্থায় তাকে ফেরত দিয়ে বল্লেন-" এবারের মত লজ্জার হাত থেকে বাঁচা গেল " এই বলে সহকারীর দিকে তীর্যকভাবে তাকিয়ে - টুপিটিকে দর্শকদেরকে পরীক্ষা করাতে বল্লেন ।
উপকরন : টুপি বা দুমুখ খোলা টিনের বা পিসবোর্ডের নক্সা আঁকা চোঙ, দর্শকের রুমাল, একটি কাঁচের গ্লাস এবং একটি একই মাপের তলা শূন্য প্লাষ্টিকের নকল (fake) গ্লাস ।
কর্তব্য : প্লাষ্টিকের নকল গ্লাস, কাঁচের গ্লাসের ভিতরের মাপ মত হবে যার তলা নেই । আগে থেকেই গ্লাসের ভিতর ঐ তলাশূন্য 'ফেক'টি রেখে দিতে হবে (৫৩ নং চিত্র) । সহকারী জাদুকরের দুধ ঢালার আগেই "ফেক" বা নকল গ্লাসটি তুলে নেবেন । জাদুকর দুধ ঢালতে কাঁচের গ্লাসেই ঢালেন । সহকারী জাদুকরের হাতে 'ফেক' টি ফেরত দিলে তিনি তা টুপির দুধভর্তি কাঁচের গ্লাসের ভিতর বসিয়ে দেন এবং 'ফেক' সহ কাঁচের গ্লাসটি টুপি হতে তুলে আনেন ।
খেলাটিকে ভালোভাবে অভ্যাস করে ভালোভাবে মহড়া দিয়ে অভিনয় করে দেখাতে পারলে সুন্দর মজার ব্যাপার হবে।




কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন